গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ অটোরিকশা যাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলায় ঢাকা-রংপুর মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ইজি বাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আরিফ আনোয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, 'কালীতলায় ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত ইজি বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে টুকু আমিন (৬৫), সোহাগ (২২) ও আশরাফ (৭০) নামে ইজি বাইকের ৩ যাত্রী মারা যান।'

'গুরুতর আহত ৫ যাত্রীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিপন (৩২) ও সুজন (৪০) নামে ২ জনকে মৃত ঘোষণা করেন', যোগ করেন তিনি।

তিনি আর জানান, এ ছাড়া, খোকন (৩৮), সিদ্দীক (৪০) ও সাজেদুল (৩৮) নামে ৩ যাত্রী বর্তমানে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইজি বাইকটি গোবিন্দগঞ্জ থেকে যাত্রী নিয়ে ফাঁসিতলার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ স্টেশনের ২০০ ফুট এলাকার মধ্যে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ স্টেশনের ওসি খায়রুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বাসটি আটক করে থানায় এনেছি। ৪ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক বা হেল্পারকে আটক করা যায়নি।'

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলেও জানান তিনি।