চট্টগ্রামে ডেমু ট্রেন-বাস-টেম্পোর সংঘর্ষে নিহত ৩ আহত ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দনগরী চট্টগ্রামে ডেমু ট্রেন, বাস ও টেম্পোর সংঘর্ষে ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঝাউতলা রেলওয়ে ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে বন্দরনগরীর ঝাউতলা রেলওয়ে ক্রসিংয়ে ডেমু ট্রেন, বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ৩ জন নিহত ও ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন-ট্রাফিক পুলিশ সদস্য মনির হোসেন (৪০), সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০) ও সাদরাজ উদ্দিন (১৯)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান জানান, ট্রাফিক পুলিশ মনির সেখানে ডিউটিতে ছিলেন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক ডেইলি স্টারকে বলেন, 'মনির ও সৈয়দ বাহাউদ্দিনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।'

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, 'দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল গফুরকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।'