চট্টগ্রামে বসতঘরে অগ্নিকাণ্ড, ভাই-বোনের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি বাড়িতে আগুন লেগে ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- মো. মিনহাজ (১৬) ও তার বোন রুহি মনি (৭)।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের ইনচার্জ (ভারপ্রাপ্ত) নুরুল বশর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত ৯টার দিকে সরল ইউনিয়নের কাহারঘোনা গ্রামের ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, পরে বাড়ি থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে বাড়ির রান্নাঘর ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।