চট্টগ্রামে বস্তিতে আগুন, হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি বস্তিতে আগুন লাগার সময় ভয় পেয়ে হার্ট অ্যাটাকে এক বৃদ্ধ মারা গেছেন। আজ শনিবার ভোরে আগ্রাবাদ এসআরবি কলোনি এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল (৭০) ওই এলাকায় তার বোনের সঙ্গে থাকতেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বস্তির পাশের একটি বাড়িতে ছিলেন বৃদ্ধ আব্দুল জলিল। আগুনের লেলিহান শিখা দেখে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।'
তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কার্ডিওলজি ওয়ার্ডে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরও জানান, বৃদ্ধ জলিলের এর আগে ২ বার হার্ট অ্যাটাক হয়েছিল।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগ্রাবাদ এসআরবি কলোনির একটি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।
সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।