চাঁদপুরে অটোরিকশাকে বিআরটিসি বাসের ধাক্কা, ৩ কলেজ শিক্ষার্থী নিহত
চাঁদপুরের কচুয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বিআরটিসি'র বাস ধাক্কায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত ও ২ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় কচুয়া উপজেলার কড়ুইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, নিহত উর্মি মজুমদার উমা (২৪) ও মাহবুব আলম (২৪) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্স শিক্ষার্থী এবং সাদ্দাম হোসেন (২৩) চাঁদপুর সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী। এ ঘটনায় আহতরা হচ্ছেন ইব্রাহিম (২৪) ও অটোরিকশা চালক মনির হোসেন (৩৫)।
পুলিশ জানায়, সকাল ৭টায় হাজীগঞ্জ থেকে বিআরটিসি'র একটি বাস ঢাকায় যাওয়ার পথে কচুয়া বিশ্বরোডের কড়ুইয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই উর্মি মজুমদার এবং কুমিল্লায় নেওয়ার পথে মাহবুব ও সাদ্দামের মৃত্যু হয়। আহতরা কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
পুলিশ বিআরটিসি'র বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।