চাঁদপুরে বাসের ধাক্কায় নিহত ৩
চাঁদপুরের হাজীগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই মোটরসাইকেল আরোহী।
আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার বেলাশ্বর এলাকার মো. সোহাগ হোসেন, (৩০) মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন হোসেন (২৬)।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, তারা ৬ জন ২টি মোটরসাইকেলে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে আসছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী একটি বাসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ওই মোটরসাইকেলটি অক্ষত থাকলেও মোটরসাইকেলে থাকা ৩ জন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর সড়কের ২ দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন নিহতদের লাশ উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিহতদের সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে মরদেহের ময়নাতদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।