চাঁদপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
চাঁদপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চাঁদপুর-মতলব সড়কের আড়ং বাজার এলাকায় কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-অটোরিকশা চালক মো. জসিম মোল্লা (৫০), অটোরিকশার যাত্রী হানিফ ব্যাপারী (২৮), পপি আক্তার (১৮) ও অটোরিকশার আরেক যাত্রী ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরদিয়া আড়ং বাজার এলাকায় মতলব-বাবুরহাট সড়কে মতলব থেকে চাঁদপুরগামী একটি মাইক্রোবাস এবং চাঁদপুর থেকে মতলবগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। অটোরিকশা ও মাইক্রোবাসটিকে জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।