চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক তারে ঝুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কালইর গ্রামের একটি মাঠে বৈদ্যুতিক তার নিয়ে খেলার সময় মাটিতে আছড়ে পড়ে ২ শিশু নিহত হয়েছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কালইর গ্রামের একটি মাঠে ছাগল চরাতে যায় কালইর গ্রামের মাসুদের ছেলে সজীব (১০) ও একই গ্রামের মিঠু আলীর কন্যা লামিয়া আক্তার (৬)।

এ সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার ধরে তারা খেলছিল। পাওয়ার গ্রিডে কাজ করার সময় শ্রমিকরা মেশিনের মাধ্যমে তারটি উপরের দিকে টান দিলে ওই দুজন তার ধরে উপরে উঠে যায় এবং শূন্যে ঝুলতে থাকে। এক পর্যায়ে তারা দুজনই উপর থেকে মাটিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হয় সজীব। অন্যদিকে আহত অবস্থায় লামিয়াকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নাচোল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা হয়েছে।