জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেটের গোয়াইনঘাট উপজেলার 'প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা' জাফলংয়ের ডাউকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত হযরত আলী (৩০) উপজেলার আলীরগাঁও ইউনিয়নের তিতকুল্লি গ্রামের বাসিন্দা শহিদুল্লাহর ছেলে।

বিশেষ ধরণের নৌকা বারকিতে করে যারা পানিতে ডুব দিয়ে বালতিতে পাথর-বালু তুলেন তাদের বারকি শ্রমিক বলা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বারকি নৌকায় করে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পানিতে ডুব দেওয়ার পর কোনো কারণে আর ভেসে উঠতে না পেরে ওই শ্রমিক মারা গেছেন।'

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'জাফলংয়ে পাথর উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ আছে। তবে মাঝে মধ্যে লুকিয়ে বালু উত্তোলন করে বারকি শ্রমিকরা।'

তিনি বলেন, 'আগে যখন অবৈধভাবে পাথর উত্তোলন করা হতো, তখন বড় বড় গর্ত করা হয়েছিল। সেসব গর্তে ডুব দিয়ে বালু তুলতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।'