জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ রোববার সকালে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাতে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, মোসাদ্দেক হোসেন শিমুল (১৮) ও তার বন্ধু শান্ত (২০)।
শিমুল জয়পুরহাট পৌরসভার পাঁচুরচক এলাকার কদ্দুস ফকিরের ছেলে। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। শান্তর বাড়ি জয়পুরহাটের আরাম নগর এলাকায়। তার বাবার নাম সমির উদ্দিন।
আলমগীর জানান, শিমুল ও শান্ত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্তর মৃত্যু হয়।