ঝিনাইদেহে লোহার সেতু ভেঙে ট্রাক নদীতে

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় লোহার সেতু ভেঙে একটি বালুবোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাপরাইল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চাপরাইল বাজার এলাকায় চিত্রা নদীর ওপর নতুন একটি সেতু তৈরি হচ্ছে। এ অবস্থায় এর একপাশ দিয়ে যাতায়াতের জন্য লোহার সেতুটি তৈরি করা হয়েছিল। এই সেতু দেয় ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তা সত্ত্বেও বালুবোঝাই ট্রাকটি সেতুর ওপর উঠে পড়লে এর একটি অংশ ধসে পড়ে।

এ বিষয়ে উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। লোহার সেতুটি ভেঙে যাওয়ায় আশপাশের প্রায় ১০টি গ্রামের মানুষের যাতায়াতের খুব অসুবিধা হবে।

এ অবস্থা যত দ্রুত সম্ভব সেতুটি মেরামত করে চলাচলের উপযোগী করে তোলার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এই জনপ্রতিনিধি।