টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে ট্রাকের ধাক্কায় হাফিজা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

আজ শুক্রবার গোপালদিঘী কে.পি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজার বাড়ি উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামে। সে গোপালদিঘী কে.পি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ও স্থানীয়রা জানান, উপজেলার  বল্লা থেকে ছেড়ে আসা একটি ইট বোঝাই ট্রাক আজ দুপুরে গোপালদিঘী স্কুলের সামনে বালিয়াটা থেকে ছেড়ে আসা  একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আঘাত পেয়ে অটোরিকশার যাত্রী হাফিজা ঘটনাস্থলেই মারা যায়। অটোরিকশার বাকি যাত্রীরা আহত হন।

ওসি আরও জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।