টাঙ্গাইলে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, সবাইকে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে নৌকায় ঈ‌দে বা‌ড়ি ফেরার প‌থে ঝিনাই নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। 

আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার ঝিনাই নদীর নথখোলা ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো নি‌খোঁজ বা হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের শঙ্কায় নৌ-পথে গাজীপুর থেকে অধিকাংশ গার্মেন্টসকর্মী ও অন‌্যান‌্য পেশার কয়েকজন যাত্রী মিলে ৪টি  ইঞ্জিনচালিত নৌকা‌য় সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেন। 

নৌকাগুলোর মধ্যে ৩টি নৌকা ঝিনাই নদীর নথখোলা ব্রিজ অতিক্রম করলেও এক‌টি নৌকা পানির নিচে থাকা পরিত্যক্ত পিলারের সঙ্গে ধাক্কা লে‌গে তলা ফে‌টে গেলে মুহু‌র্তেই নৌকাটি ত‌লি‌য়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে গি‌য়ে শিশুসহ শতাধিক যাত্রীকে উদ্ধার করে। 

নৌকার যাত্রী মনিরুজ্জামান বলেন, 'ঈ‌দে বা‌ড়ি যাওয়ার জন‌্য গাজীপুর থেকে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে সিরাজগঞ্জে যাচ্ছিলাম। নৌকাটি নৌকা‌টি ত‌লি‌য়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে যার মতো ক‌রে সাতরি‌য়ে পা‌ড়ে উ‌ঠে। নৌকাতে অনেকের মালামাল ছিল। ঈদের আনন্দ এই নদীতেই ভেসে গেছে।'

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রিপন মিয়া বলেন, 'ঘটনাটি জানতে পেরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। ত‌বে এ‌তে হতাহতের ঘটনা ঘটেনি। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকেই গার্মেন্টসকর্মী ছিলেন।'

বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম বলেন, 'নৌকাটিতে থাকা অনেকেই গার্মেন্টসকর্মী। তারা অল্পের জন্য বেঁচে গেলেও তাদের মালামাল নদীতেই ভেসে গেছে। আরও কেউ নদীতে নিখোঁজ রয়েছে কিনা এটা পরে বোঝা যাবে।'

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, 'ইঞ্জিনচালিত নৌকাটি শতাধিক যাত্রী নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল। এসময় নৌকাটি নথখোলা ব্রিজ অতিক্রম করার সময় ডুবে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।'