ট্রাকচাপায় জবি শিক্ষার্থীর মৃত্যু, চালক আটক
নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাবরিনা আক্তার মিতুর (২২) মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
ট্রাকচালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপনকে (২৪) শনিবার রাত পৌনে ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে সোনাইমুড়ী থানা পুলিশ আটক করে।
নোয়াখালী পুলিশ সুপার কার্যালয় থেকে গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানানো হয়।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল বলেন, 'এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।'
এর আগে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকচাপায় নিহত হন সাবরিনা আক্তার মিতু। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মিতু সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ীর মর্তুজা ভূঁইয়ার কন্যা।