ট্রাকের ধাক্কায় নানি-নাতনি নিহত

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। সোমবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার ফলিয়া গ্রামের শেফালী বেগম (৫০) ও তার নাতনি মাইশা (৪)।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, অটোরিকশাটি পলাশবাড়ী থেকে কোমরপুর বাজার যাচ্ছিল এবং ট্রাকটি বগুড়ার দিকে যাচ্ছিল।

জুনদহ এলাকায় ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিলে শেফালী ও তার নাতনি মাইশা রাস্তায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ওসি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।