ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের
চট্টগ্রামের বন্দর থানাধীন দুমপাড়া লিংক রোডে আজ বুধবার বিকেলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিহতরা হলেন- মাহমুদা আকতার (২৭) এবং তার ৫ বছরের মেয়ে জান্নাতুল মাওয়া।
তিনি আরও জানান, মাহমুদার স্বামী নুরুননবী পারভেজ এবং অটোরিকশার চালক এ দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের শিক্ষক নুরুননবী স্ত্রী ও কন্যাসহ পাহাড়তলী এলাকায় থাকতেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাচ্ছিলেন। কিন্তু, পথে বিকেল ৩টার দিকে দুমপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলেন জানান এই পুলিশ কর্মকর্তা।