ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পঞ্চম শ্রেণির ৩ শিক্ষার্থীর

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার বিজয়পুরে ট্রেনের ধাক্কায় ৫ম শ্রেণীর ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিস রায় দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহত হয়েছে মিম, রিমা ও তাসফিয়া নামে ৩ ছাত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান ভূঁইয়া বলেন, 'স্কুলে আসার সময় ওই ৩ ছাত্রীকে চট্টগ্রামগামী একটি ট্রেন ধাক্কা দেয়।'

তিনি জানান, সম্ভবত তারা সবাই পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের বাসিন্দা ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী দোকানদার হাজী সেলিম বলেন, 'ছাত্রীরা কুমিল্লাগামী একটি ট্রেন পার হয়ে যাওয়ার পর রেললাইন পার হতে গেলে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী অপর একটি ট্রেন তাদের ধাক্কা দেয়।'

তিনি জানান, ট্রেনের ধাক্কায় ২ জন শিক্ষার্থী লাইনের পাশে ছিটকে পড়ে। চলন্ত ট্রেন বাকি ১ জনের দেহ ২০০ গজ টেনে নিয়ে যায়।