ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর,পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
শিশুকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে যশোরে আজ শুক্রবার ট্রেনের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া, আজ রাজধানীতে ১ জন, পাবনায় ১ জন এবং দিনাজপুরে ২ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রাজধানীর বনশ্রী এলাকায় তেলবাহী লরির ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী আবু নাসের (৩৮) নোয়াখালীর সোনাইমুড়ির ঈদগা আমিন বাজার গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে আবু নাসের মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। রামপুরা ফরাজী হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান এবং লরির চাকায় পিষ্ট হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, এ ঘটনায় তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে এবং এর চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।
আমাদের বেনাপোল সংবাদদাতা জানিয়েছেন, আজ সকালে শহরের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির নাম আব্দুল হাকিম (৫২)। তিনি একজন ঘড়ি ব্যবসায়ী ছিলেন।
স্টেশন মাস্টার আয়নাল হক ও নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, আজ ভোরে পৌরপার্কে জগিং করে বাসায় ফিরছিলেন আব্দুল হাকিম। সকাল ৮টার দিকে রেলেগেট পার হওয়ার সময় একটি শিশুকে চলন্ত ট্রেনের ধাক্কা থেকে রক্ষা করেন তিনি। এ সময় পা পিছলে গেলে তার মাথায় বেনাপোলগামী বেতনা ট্রেনের আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই হাকিমের মৃত্যু হয়।
দিনাজপুর সংবাদদাতা জানিয়েছেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আজ ভোরে ২টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।
নিহত পিকআপ চালক খায়রুল ইসলাম (৩০) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এবং তার সহকারী মো. মামুন (২৮) শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। আহতরা হলেন- আজিবর রহমান, তাসকিব ইসলাম ও আদম আলী।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আজ সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ফকরিপাড়া গ্রামে ২ পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপারকে মৃত ঘোষণা করেন।
আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া, আজ রংপুরে ২টি দ্রুতগামী বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের পাবনা সংবাদদাতা জানিয়েছেন, পাবনা শহরের সিংগা বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় তরিকুল মোল্লা (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আজ দুপুরে রিকশা নিয়ে পাবনা-রাজশাহী মহাসড়কের সিংগা মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তরিকুল। এ সময় দ্রুতগতির খোয়া বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুল মোল্লাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।