ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপে বাসের ধাক্কা, মাছ ব্যবসায়ী নিহত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বাধীন পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপভ্যানের একজন আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম তুষার রাজবংশী (৪৫)। তিনি একজন মাছ ব্যবসায়ী। তুষার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামের বাসিন্দা ছিলেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ব্যবসায়ীরা মাছ নিয়ে একটি পিকআপে চড়ে শিমুলিয়া আসছিলেন। পথে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপের পিছনে ধাক্কা দেয়। এরপর পিকআপ থেকে তুষার রাজবংশী ছিটকে গিয়ে এক্সপ্রেসওয়েতে পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।'
পিকআপের অন্য ৫ জন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, 'পরিবারের স্বজনরা নিহতের মরদেহ নিয়ে গেছেন। আহত কয়েকজনকে ঢাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন।'