ঢাকা-সিলেট সুরমা মেইল ট্রেনের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছালে এ আগুন লাগে। তবে আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৯ নম্বর সুরমা মেইল যাত্রীবাহী ট্রেন ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পৌঁছলে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে।
খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি।