দিনাজপুরে 'গাছের সঙ্গে ধাক্কায়' ৩ মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় খাদে পড়ে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১২টায় নবাবগঞ্জ-কাচদহ সড়কের আলমনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), কাচদহ গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩), নারায়ণপুর গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা মো. কিবরিয়া (৩০)।
পুলিশ জানায়-তিন জন একই মোটরসাইকেলে করে নবাবগঞ্জ বাজার থেকে কাচদহ গ্রামের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি আলমনগর বাজারের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।