দিনাজপুরে নৈশকোচ খাদে পড়ে সুপারভাইজারসহ নিহত ২
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কোচটির অন্তত ১০ যাত্রী।
আজ শনিবার ভোর সাড়ে ৫টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের চিরিরবন্দর উপজেলা ও দিনাজপুর সদর উপজেলার সংযোগস্থল আত্রাই নদীর মোহনপুর ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমুদ্দিনের ছেলে নৈশকোচের সুপারভাইজার আব্দুল জলিল (৫০) ও দিনাজপুর সদর উপজেলার মজিবর রহমানের স্ত্রী কোচের যাত্রী হালিমা খাতুন (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ এন্টারপ্রাইজ নামের ওই নৈশকোচ ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। ভোর সাড়ে ৫টায় চিরিরবন্দর উপজেলার মোহনপুর ব্রিজে ওঠার ঠিক আগ মুহূর্তে কোচটির সামনের চাকার টায়ার বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে কোচটি মোহনপুর ব্রিজের নিচে চলে যায়। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।