দিনাজপুরে শ্যামলী পরিবহনের নৈশকোচের ধাক্কায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুরের বিরামপুর উপজেলায় শ্যামলী পরিবহনের একটি নৈশকোচের ধাক্কায় ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন।

আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাছ ব্যবসায়ী জহুরুল ইসলাম (৩৮) ও ভ্যানচালক সাইদুল ইসলাম (৪৫)। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, 'ঢাকা থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি নৈশকোচ বিরামপুর পৌর সীমানা সংলগ্ন টাটকপুর নামক স্থানে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় নৈশকোচের চাকায় পিষ্ট হয়ে পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার ভাটপাইল (নয়াপাড়া) গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাছ ব্যবসায়ী জহুরুল ইসলাম ও একই গ্রামের ঝড় মণ্ডলের ছেলে ভ্যানচালক সাইদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।'
 
তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।