দীঘিনালায় বাসে আগুন
খাগড়াছড়ির দীঘিনালায় শান্তি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুকুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাবলা দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সন্ধ্যা ৬টার দিকে উত্তেজিত জনতা শান্তি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে বলে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আমরা আগুন নেভাতে সক্ষম হই।'
খাগড়াছড়ি সার্কেল এসপি জিনিয়া চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।'
উল্লেখ্য ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা ওরফে মিলন চাকমার মৃত্যুর প্রতিবাদে খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন স্থানে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া দীঘিনালা, বাঘাইছড়ি ও সাজেকে সড়ক অবরোধ কর্মসূচিও পালিত হয়।