ধলেশ্বরীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবি
মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল পৌনে ৬টায় মুন্সিগঞ্জ লঞ্চঘাটের কাছে ঢাকার সদরঘাটগামী এমভি জাহিদ-৩ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবে যায় বাল্কহেডটি।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, এ ঘটনায় কেউ নিখোঁজ নেই। ডুবে যাওয়া বাল্কহেডটিতে ৭ হাজার ৫০০ বস্তা সিমেন্ট ছিল।
তিনি বলেন, 'মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকার ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ি যাচ্ছিল বাল্কহেডটি। পথিমধ্যে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়। এ ঘটনায় বাল্কহেডের ৫ জন স্টাফের মধ্যে ৩ জন একটি ট্রলারে উঠতে সক্ষম হয়। বাকি ২ জন ধাক্কা দেওয়া যাত্রীবাহী লঞ্চে উঠে পড়েন। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই।'
তিনি আরও বলেন, 'দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ২ জনের সন্ধান না পাওয়ায় খোঁজাখুঁজি করেছিল। ঢাকা থেকে নিখোঁজ ২ জনের জীবিত থাকার খবর আসায় উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।'
ডুবে যাওয়া সিমেন্ট বোঝাই বাল্কহেড উদ্ধারে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানানা তিনি।