ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা ও ২ ছেলের

নিজস্ব সংবাদদাতা, সাভার 

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও তার ২ ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩ যাত্রী৷ 

শুক্রবার রাত সাড়ে ৯টায় ধামরাই ধানতারা সড়কের ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ধামরাইয়ের ভাড়ারিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী পিয়ারা বেগম (৪৫), তার দুই ছেলে নাসিব খান (২৩) ও ছোটন খান (১৮)। তারা সিএনজিতে ঢুলিভিটা যাচ্ছিলেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ ছেলেসহ তাদের মায়ের মৃত্যু হয়েছে। আমরা জানার আগেই মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।'

নিহত ছোটন খানের চাচাতো ভাই হৃদয় খান জানান, পিয়ারা বেগম তার ২ ছেলেকে নিয়ে আত্মীয় বাড়িতে যেতে সিএনজিযোগে ঢুলিভিটায় রওনা হন। তারা ঢুলিভিটা মমতাজ ডায়াবেটিস হাসপাতালের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আহত অবস্থায় তাদের প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ছোটন খানকে মৃত ঘোষণা করেন। পিয়ার বেগম ও তার আরেক ছেলে নাসিব খানকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।