নদীতে অটোরিকশা, টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নদীতে পড়ে আঁখি আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর-পাথরঘাটা রোডের ফিরিঙ্গিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আঁখি উপজেলার গায়রাবেতিল এলাকার আব্দুল করিমের মেয়ে। স্থানীয় বাঁশতৈল খলিলুর রহমান কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন তিনি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, আজ দুপুর ১২টায় এইচএসসি পরীক্ষা শেষে মির্জাপুর থেকে মায়ের সঙ্গে মামার সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আঁখি। পথে একটি রিকশাকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি পাশের বংশাই নদীতে পড়ে যায়।

এ সময় স্থানীয়রা আঁখির মা ফরিদা ইয়াসমিন, মামা অটোরিকশাচালক ফরহাদ মিয়া ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হলেও আঁখি ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে নদী থেকে আঁখির মরদেহ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে আঁখির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।