সিরাজগঞ্জ

নদীতে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর ১ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জে নদীতে নেমে নিখোঁজ ৩ স্কুল শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দু'জনকে উদ্ধারে যমুনা ও ফুলজোর নদীতে অভিযান চালানো হচ্ছে।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা সঞ্জিত কর্মকারের (১৫) মরদেহ উদ্ধার করেছে। সে সিরাজগঞ্জ শহরের গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে।

এছাড়া এখনো নিখোঁজ আছেন- কালু সূত্রধরের ছেলে সকাল সূত্রধর (১৬) এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের সুকুমার চন্দ্রের ছেলে শুভ চন্দ্র (১৫)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।'

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সবাই যখন দোল উৎসবে ব্যস্ত ছিলেন তখন বন্ধুদের সঙ্গে নৌকায় করে নদীতে যায় গোশালা গ্রামের কয়েকজন শিক্ষার্থী। নৌকা কিছু দূর যাওয়ার পর ৪ জন পানিতে নেমে পড়ে। পরে দু'জন নৌকায় উঠতে পারলেও সঞ্জিত ও সকাল সাতার না জানায় নদীতে ডুবে যায়। পরে ডুবুরি দল সঞ্জিতের মরদেহ উদ্ধার করে।

এ ছাড়া, শুক্রবার বিকেলে হলি উৎসবে ৬ বন্ধু রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের ফুলজোর নদীতে গোসল করতে নামে। এ সময় বাকিরা পাড়ে উঠতে পারলেও চান্দাইকোনা গ্রামের শুভ চন্দ্র নদীতে ডুবে যায়।

সরেজমিনে দেখা গেছে, ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো তাদের উদ্ধার করতে না পারায় স্বজনদের আহাজারি বাড়ছে।