নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু
নরসিংদীর রায়পুরা উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। ট্রেনটি ইজিবাইকটিকে টেনে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আজ রোববার সকাল ১১টার দিকে রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলস্টেশনের আউটার সংলগ্ন রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় ওই ইজিবাইক চালক অসাবধানতাবশত রেলক্রসিংটি পার হচ্ছিলেন।
নিহত মো. আমানউল্লাহ (২৫) রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগর গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। সকাল সোয়া ১১টার দিকে ট্রেনটি খানাবাড়ি রেলস্টেশনের আউটার সংলগ্ন রেলক্রসিং অতিক্রম করার সময় আমানুল্লাহ তার ইজিবাইকে ধানভানার মেশিন নিয়ে অসাবধানতাবশত রেলক্রসিংটি পার হচ্ছিলেন।
এ সময় ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থামে। এতে ব্যাটারিচালিত ওই ইজিবাইক ও ধান ভাঙার মেশিনটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহত আমানউল্লাহকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।