নরসিংদীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
নরসিংদীর রায়পুরা উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আমিরগঞ্জ ইউনিয়নের রায়পুরা-আরশীনগর আঞ্চলিক সড়কের এক এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
নিহতরা হলেন, অটোরিকশাচালক চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আইন উদ্দিন (৪০), অটোরিকশার যাত্রী একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে কাইয়ূম উদ্দিন (১৮), আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫) এবং মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)।
ওসি জানান, ঢাকা থেকে একটি মালবাহী পিকআপ ভ্যান নরসিংদীর রায়পুরার দিকে যাচ্ছিল। উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের কাছে এলপিজি ফিলিং স্টেশন এলাকায় ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৪ যাত্রী নিহত হন। এসময় গুরুতর আহত হন আরও ২ যাত্রী।
পরে স্থানীয়রা পিকআপ ভ্যানটিকে আটক করেন এবং আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।