নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে চালকসহ নিহত ৩
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলায় যাত্রীবাহী বাস ও পত্রিকা-বোঝাই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ভৈরব হাইওয়ে থানায় কর্মরত উপ-পরিদর্শক খালেদ মাহমুদ দুর্ঘটনার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরজাল বাসস্ট্যান্ডের কাছে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি পত্রিকা-বোঝাই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ ৩জন নিহত হন।
এসআই আরও বলেন, 'খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়াও দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।'