নাঙ্গলকোটে সিলিন্ডার বিস্ফোরণ: গুরুতর আহত ৩ জনকে ঢাকায় আনা হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বেলুন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে।

তারা হলেন বেলুন বিক্রেতা আনোয়ার (৩৫), আবদুর রব (২৭) ও শাহ আলম (৫৫)।

ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সেফায়েত উল্লাহ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান এই মুহূর্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১৬ জন চিকিৎসাধীন আছেন। তাদের বেশির ভাগই শিশু। গতকাল রাতে ২ শিশুর জরুরি অস্ত্রপাচার হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোকরা ইউনিয়নের বিরলি গ্রামে আনোয়ারের বাড়ির উঠানে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাসানপুর মাঠে প্রতি বছর মাঘ মাসে শীতকালীন মেলার আয়োজন করা হয়। মূলত সে মেলায় বিক্রির উদ্দেশ্যই এই গ্যাস বেলুন সিলিন্ডার এনেছিলেন আনোয়ার। 

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই রকম গ্যাস সিলিন্ডারে বেলুন ফোলানোর বিষয়টি প্রশাসন জানত না। তবে কী কারণে এমন বিস্ফোরণ ঘটলো তা নিয়ে তদন্ত করা হবে।'

অন্যদিকে করোনা পরিস্থিতিতে এই রকম কোন মেলা আয়োজনের অনুমতি নেই বলেও তিনি জানান।

কুমিল্লা জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও কুমিল্লা সদর হাসপাতালে ৫ জন এবং নাংগলকোট উপজেলা কমপ্লেক্স আরও ২ জন ভর্তি আছেন।