নাটোরে ট্রাকে কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কা, ৫ ঘণ্টা পর ট্রেন যোগাযোগ চালু

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোর শহরতলীর তেবাড়িয়া রেলক্রসিংয়ে রেলগেট ভেঙে লাইনের ওপর চলে আসা মালবাহী ট্রাককে ধাক্কা দিয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন।

আজ সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে মুহূর্তের মধ্যে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে রেললাইনের ওপর পড়ে থাকে।

ফলে ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত নাটোরের সঙ্গে ঢাকাসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

নাটোর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশনমাস্টার অশোক কুমার চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর-ঢাকা মহাসড়কের তেবাড়িয়া রেলগেট অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রাক রেলগেট ভেঙে লাইনের ওপর চলে আসে। এসময় দ্রুতগতির ট্রেনটির সঙ্গে ধাক্কা লেগে প্রায় ৪০০ মিটার দূরে রেললাইনের ওপর ছিটকে পড়ে ট্রাকটি।'

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়েছে বলেও জানান তিনি।