নাটোরে ট্রাক-বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোরে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় ট্রাক-বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন।

আজ বুধবার ভোররাত আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত ট্রাকচালক আবু মুসা ও কাঠ ব্যবসায়ী আসাদুলের বাড়ি ঝিনাইদহে।

নাটোর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আখতার হামিদ খান বলেন, 'ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাস ও রাজশাহী থেকে নাটোরের দিকে আসা কাঠ-ভর্তি ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়।'

'ঘটনাস্থলেই ট্রাকচালক আবু মুসার মৃত্যু হয়' উল্লেখ করে তিনি আরও বলেন, 'আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুলকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

এ ছাড়া, দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।