নারায়ণগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সিটি অটো রাইস ও ডাল মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ শ্রমিক মারা গেছেন। দগ্ধ আরও ২ শ্রমিক এখনো চিকিৎসাধীন।

আজ রোববার সকালে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে চিকিৎসাধীন অবস্থায় হযরত আলী ও বেলায়েত হোসেন মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হযরত আলীর শরীরের ৯৫ ভাগ ও বেলায়েতের ৯৯ ভাগ দগ্ধ হয়েছিল।

তিনি আরও বলেন, শরীরের ৬৫ ভাগ পুড়ে যাওয়া সিরাজুল ইসলাম (৫০) এখনো চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার।

এর আগে, গতকাল দুপুর আড়াইটায় উপজেলার রূপসী এলাকায় সিটি রাইস ও ডাল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন বয়লার থেকে বের হওয়া গরম জলীয়বাষ্পে ৩ শ্রমিক দগ্ধ হন। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন আরও একজন।