নারায়ণগঞ্জে কারখানায় আগুন, ৪ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিটি অটো রাইস ও ডাল মিলে অগ্নিকাণ্ডে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রূপসী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন- উপজেলার রূপসী গর্ন্ধবপুর এলাকার মৃত তাহেরের ছেলে সিরাজুল ইসলাম (৬০), একই এলাকার সূর্যত আলীর ছেলে হযরত আলী (৫০), উত্তরপাড়া এলাকার বেলায়েত হোসেন (৬০) ও কারখানার নিরাপত্তারক্ষী মো. রানা (৪৫)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিটি রাইস ও ডাল মিলের বয়লারের সঙ্গে তুষের গোডাউন ছিল। বয়লারের অতিমাত্রার তাপে তুষের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় বয়লার থেকে বের হওয়া গরম জলীয় বাষ্পে ৪ শ্রমিক দগ্ধ হন। পরে অন্য শ্রমিকরা ৩ জনকে ঢাকার বার্ন ইউনিটে নিয়ে যান। আর নিরাপত্তারক্ষী রানাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।'
তিনি আরও বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ফলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।'
বার্ন ইস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক দ্য ডেইলি স্টারকে জানান, দগ্ধ ৩ জনের অবস্থাই আশংকাজনক। তাদের মধ্যে বেলায়েত হোসেনের শরীরের ৯৫ শতাংশ, সিরাজুল ইসলামের ৬৫ শতাংশ, ও হযরত আলী ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে।