নারায়ণগঞ্জে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরে ইটবাহী ট্রাকের চাপায় রিকশা আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর ২টায় চাষাঢ়ায় জেলা পরিষদের ডাক বাংলোর সামনে নারায়ণগঞ্জ-পঞ্চবটী-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোনারগাঁও উপজেলার সম্ভুপুরা এলাকার আলতাব হোসেন (৪৩) ও তার মেয়ে বেলী আক্তার (১৪)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, 'আলতাব হোসেনের প্রথম সংসারের মেয়ে বেলী। সে তার খালার সঙ্গে পঞ্চবটী এলাকায় বসবাস করে। পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে মেয়েকে খালার বাসা থেকে রিকশায় সোনারগাঁয়ে রওনা দেন আলতাব হোসেন। রিকশাটি চাষাঢ়ায় এসে মোড় ঘুরতে গেলে পেছন থেকে ইটবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে মারা যান। পরে স্থানীয়রা ট্রাক চালক হাবিবকে (৩৮) আটক করে পুলিশে দেয়। তবে রিকশা চালককে খোঁজে পাওয়া যায়নি।'

তিনি আরও বলেন, 'খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'