নারায়ণগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে ২ নারী নিহত, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। তাদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার বিনাইরচর এলাকায় ঢাকা-আড়াইহাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী গ্রামের হাজেরা (৩০) ও খাসেরকান্দি গ্রামের নাসিমা (২০)। তারা দুজন উজান গোপিন্দী এলাকার একটি স্পিনিং মিলের কর্মী ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রাতে স্পিনিং মিল ছুটি হওয়ার পর লেগুনায় ১০-১২ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন। বিনাইরচর এলাকায় লেগুনাটি আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালকসহ সব যাত্রী আহত হন।'

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করে বলে জানান ওসি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।