নারায়ণগঞ্জে বাসায় গ্যাস লিকেজের আগুনে ২ শিশুসহ দগ্ধ ৪

স্টার অনলাইন রিপোর্ট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে ২ শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।

আজ সোমবার ভোর ৬টার দিকে উপজেলার কুমারপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, মো. সোলায়মান হোসেন (৪৪), স্ত্রী রিমা আক্তার (৩০), ২ সন্তান মুশফিকুর রহমান মাহিদ (১৩) ও মাহমুদুল হাসান আরশ (৫)।

দগ্ধ রিমা আক্তার বলেন, 'ভোরে স্বামী সোলায়মান হোসেনের ব্যবসার কাজে বাইরে যাওয়ার কথা ছিল। ঘুম থেকে উঠে তিনি রান্না ঘরে পানি গরম করতে যান। দিয়াশলাই দিয়ে আগুন ধরাতেই বিকট শব্দে ঘরে আগুন লেগে যায়।'

সোলায়মান কাপড়ের ব্যবসা করেন উল্লেখ করে তিনি জানান, তাদের ছেলে মাহিদ স্থানীয় স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। ছোট ছেলে আরশকে এখনো স্কুলে ভর্তি করা হয়নি।

সোলায়মান হোসেনের বোন হাওয়া বেগম বলেন, 'আমরা একই বাড়িতে থাকি। ভোরে বিকট বিস্ফোরণে ও চিৎকারে ঘুম ভেঙে যায়। মাহিদের ঘরে গিয়ে দেখি ওরা ৪ জন দগ্ধ হয়ে পড়ে আছে। দ্রুত তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।'

বার্ন ইনস্টিটিউটে কর্তব্যরত চিকিৎসক জানান দগ্ধ সোলায়মানের ৯৫ শতাংশ, রিমার ১৫ শতাংশ, মাহিদের ১৬ শতাংশ ও আরশের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

'সোলায়মানের অবস্থা আশংকাজনক। বাকিদের অবজারবেশনে চিকিৎসা চলছে,' যোগ করেন তিনি।

দমকল বাহিনীর ডিউটি অফিসার রোজিনা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গণমাধ্যমে আগুনের সংবাদ জানার পর আমরা ঘটনা তদন্তে সেখানে টিম পাঠিয়েছি।'