নারায়ণগঞ্জে লঞ্চডুবি: শীতলক্ষ্যা থেকে আরও ১ মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কয়লাঘাট এলাকার শীতলক্ষ্যা তৃতীয় সেতুর পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তির নাম আব্দুলাহ আল জাবের (৩০)। তিনি ডেমরা এলাকার আব্দুল ওয়াদুত সিদ্দিকীর ছেলে। জাবের নারায়ণগঞ্জে একটি বেসরকারি অফিসের আইটি ডিপার্টমেন্টে কাজ করতেন। দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীর স্বজনের দাবি অনুযায়ী নিখোঁজ আরও ৩ জনের সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছে। মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

জাবেরের মামা এসকে জামী চৌধুরী ডেইলি স্টারকে বলেন, ৩ বন্ধুর সঙ্গে জাবের মুন্সিগঞ্জে বেড়াতে যাচ্ছিল। ৩ বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও জাবের নিখোঁজ ছিল। কারণ সে সাঁতার জানতো না।