নারায়ণগঞ্জে লঞ্চডুবি: ৬ মরদেহ উদ্ধার

স্টার অনলাইন রিপোর্ট

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ রাত ৮টার দিকে ৪০-৪২ বছর বয়সী একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জ নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে ৬ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ২-৩ বছরের এক ছেলে শিশু, ১০ বছরের এক মেয়ে শিশু, ১৭-১৮ বছরের এক কিশোরী মেয়ে এবং ২৭/২৮ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এখনও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।