নারায়ণগঞ্জে ২ অটোরিকশার সংঘর্ষে নারীসহ আহত ৭
নারায়ণগঞ্জ শহরে ব্যাটারিচালিত ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন—সায়মন (২৫), প্রভু সাহা (৩৩), হালিম মোল্লা (৩৭), আসলাম (৩৫), ইয়াদির (২৫), ইউনুস, কাদের (২৩) ও খালেদা বেগম (৩০)।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টায় শহরের লিন্ডা অক্সিজেন কারখানার সামনে ওই দুর্ঘটনা ঘটে।
আহত প্রভু সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিদ্ধিরগঞ্জে চৌধুরী বাড়ি এলাকায় গার্মেন্টসে যাওয়ার জন্য শহরের বাস টার্মিনাল থেকে আটোরিকশায় উঠি। লিন্ডা অক্সিজেন কারখানার সামনে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী অটোরিকশা বাসকে ওভারটেক করতে গেলে আমাদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।'
'এতে অটোরিকশা ২টি উল্টে যায়' উল্লেখ করে তিনি আরও বলেন, 'অটোরিকশায় থাকা সবাই মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আমাদের হাসপাতালে নিয়ে আসেন।'
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন দ্য ডেইলি স্টারকে বলেন, '৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে হালিম মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'অন্যদের কারো হাত-পা ভেঙেছে। একজন মাথায় আঘাত পেয়েছেন।'
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি জানা নেই। খোঁজ নিচ্ছি।'