নিখোঁজের ২ দিন পর স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র জিহাদের (৯) মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চরগরবদী ফেরিঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জিহাদ মুরাদিয়া ইউনিয়নের মিন্টু মীরার ছেলে। সে চর বয়রা মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম ও স্থানীয়রা জানান, সকালে চরগরবদী ফেরিঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে জিহাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে ওসি জানান, এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

গত শনিবার দুপুর ১টার দিকে জিহাদসহ তার ৫ বন্ধু পাংশিঘাটা খেয়াঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে গোসলে করতে যায়। সাঁতার না জানা জিহাদ এক সময় স্রোতের টানে ভেসে যায়। গত ২ দিন ধরে ওই নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল।