‘নির্বাচনী প্রচারণার’ পিকআপ থেকে পড়ে শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণার গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীসহ আরও ২ জন গুরুত্বর আহত হয়েছে।

নিহত মো. মেহেরাজ উদ্দিন (১২) চরমটুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাউলদিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. মোহনের ছেলে। সে স্থানীয় ঠেকারহাট হাজী আহম্মদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো, মো. সংগ্রাম (১১) ও জয়নাল। সংগ্রামকে গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। জয়নালকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংগ্রাম ওই ইউনিয়নের নেয়াজের ডগী গ্রামের মো. সবুজের ছেলে। সে উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল থেকে পিকআপ ভ্যানে করে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী প্রচারণা চলছিল। প্রচারণায় মেহেরাজ, সংগ্রামসহ স্থানীয় ১৮-২০ জন স্কুল শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পিকআপটি রাত ৮টার দিকে চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে এলে চালক ব্রেক করেন। এতে  পিকআপের পিছনের ঢালাটি খুলে ৪-৬ জন স্কুল শিক্ষার্থী পিকআপ থেকে পড়ে যায়। মেহেরাজ পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সংগ্রাম ও জয়নাল গুরুত্বর আহত হয়। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলু অভিযোগ নাকচ করে দিয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার নির্বাচনী প্রচারণায় এ ঘটনা ঘটেনি। তবে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যলিতে অংশ নেওয়া একটি পিকআপের ড্রাইভার হঠাৎ হার্ড ব্রেক করলে পিকআপ ভ্যানের ঢালা খুলে এ দুর্ঘটনা ঘটে।'

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'