নীলফামারীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নীলফামারী

নীলফামারী সদরের সোনারায় ধনীপাড়া এলাকায় দারোয়ানী স্টেশনের কাছে একটি খোলা রেল ক্রসিংয়ে খুলনা থেকে চিলাহাটীগামী 'সীমান্ত এক্সপ্রেস'র ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার ৪ যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও ৩ জন।

আজ বুধবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন: রোমানা আক্তার (২৫), স্বামী বদিয়ার রহমান; শেফালী বেগম (৩৫), স্বামী আশরাফ আলী; সায়রা বানু (২৮), স্বামী বেলাল হোসেন ও মিনারা বেগম (২৫), স্বামী আরমান হোসেন।

তাদের মধ্যে মিনারা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

তারা সদর উপজেলার ধনীপাড়া ও কোরানীপাড়া গ্রামের বাসিন্দা এবং উত্তরা ইপিজেডের বিভিন্ন কারখানায় কাজ করতেন।

দুর্ঘটনায় চালকসহ আহতদের গুরুতর আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা ডেইলি স্টারকে জানান, অটোরিকশার চালকসহ ৯ জন ছিলেন। দুর্ঘটনার আগ মুহূর্তে ২ যাত্রী অটোরিকশা থেকে নেমে যেতে সক্ষম হন।

ঘটনার সময় চারদিক ঘন কুয়াশা থাকায় ট্রেনটি কেউ দেখতে পারেননি।