পঞ্চগড়ে গম মাড়াই মেশিন উল্টে নিহত ১, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গম মাড়াই মেশিন উল্টে গিয়ে আদর হোসেন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ মঙ্গলবার সকালে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ গ্রামে গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আদর হোসেন ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাত আবু ছায়েম মিয়া বলেন, গম মাড়াই শেষে ফেরার সময় পথিমধ্যে মেশিনটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আদর হোসেনের মৃত্যু হয়। আহত হন আব্দুল মালেক (৪০), হাসান (২০) ও পায়ের হোসেন (১৭)। তারা একই গ্রামের বাসিন্দা।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌফিক উর রহমান জানান, স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিয়ে আসেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।