পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও 

পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেওয়ায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।

নিহতরা হলেন: জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুরহাট চানাড়া গ্রামের নয়ন ইসলামের ছেলে মুন্না ইসলাম (১৬) ও একই এলাকার লাভলু ইসলামের ছেলে রায়হান (১৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মুন্না ও রায়হান বোদা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় আনুমানিক রাত ১১টার দিকে চন্দনবাড়ি বটতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্ট্ররের পেছনে সজোরে ধাক্কা দেন।

এতে ঘটনাস্থলেই মুন্না নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত রায়হানকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নবকুমার বর্মণ তাকেও মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাক্টরটিকে জব্দ করেছে পুলিশ এবং থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।