পটুয়াখালীতে নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
পটুয়াখালী সদর উপজেলায় নিখোঁজের ৩ দিন পরে লোহালিয়া নদী থেকে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে বলইকিঠী এলাকায় ওই শিক্ষার্থীর মরদেহ ভেসে উঠে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার দুপুরে নদীতে গোসল করতে নেমে ইজাজুল ইসলাম নিখোঁজ হয়। সে কিশোরগঞ্জের তারাইল উপজেলার কল্লা গ্রামের মৃত আাশ্রাফ আলী ও মিনারা বেগম দম্পতির ছেলে। ইজাজুল ঢাকার দক্ষিণখান এলাকার একটি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। সহপাঠীর বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সে পটুয়াখালীতে এসেছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীতে তীব্র স্রোত থাকায় ইজাজুলসহ ৩ জন তলিয়ে যায়। মাসুদ ও বাপ্পিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হয়। বাকি ৬ জন নিজেরাই সাঁতরে তীরে এসেছিল। ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল চেষ্টা করেও ইজাজুলের সন্ধান পায়নি।
মো. মনিরুজ্জামান আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।