পতেঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ২
চট্টগ্রামের পতেঙ্গায় স্টিল মিল বাজার এলাকার মকবুল হাউজিং সোসাইটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জন গুরুতর দগ্ধ হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে মকবুল হাউজিং সোসাইটির জামাল ভবনের ছয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আগ্রাবাদ এলাকার মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, ওই ভবনের বাসিন্দা সালমা আক্তার ও তার স্বামী আকতার হোসেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। তিনি বলেন, 'মকবুল হাউজিং সোসাইটির জামাল ভবন নামের এক বাড়ির ৬ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়েছি। এ ঘটনায় আহত এক নারী ও এক পুরুষকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তার বিস্তারিত এখনো জানা যায়নি। যতটুকু জেনেছি চুলার আগুন ধরাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।'
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মামুন বলেন, 'আহত নারীর অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে চমেক হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার স্বামী আকতার হোসেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আছেন।