পতেঙ্গায় সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই জাহাজডুবি, উদ্ধার ৬ নিখোঁজ ৬
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই টিটু-১৪ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজের ১২ নাবিকের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি ৬ জন এখনো নিখোঁজ আছেন বলে জানা গেছে।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নবী আলম আজ শনিবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন টিটু-১৪ জাহাজটি চট্টগ্রাম থেকে ক্লিঙ্কারবোঝাই করে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। গতরাত সাড়ে ৩টার দিকে ঘন কুয়াশার কারণে জাহাজটি কাত হয়ে ডুবে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনো ডুবে যাওয়ার প্রকৃত কারণ জানা যায়নি।'
ঘটনাস্থল থেকে টিটু-২৭ নামের অপর এক জাহাজের প্রধান নাবিক মোল্লা মো. ওমর ডেইলি স্টারকে জানান, রাতে পতেঙ্গা উপকূল এলাকায় প্রচণ্ড কুয়াশা ছিল। জাহাজটি ডুবো চরে আটকে অথবা অন্য কোনো জাহাজের সঙ্গে ধাক্কা লেগেও ডুবে যেতে পারে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। ঘটনার পর আমরা টিটু-১৪ জাহাজের প্রধান নাবিককে জীবিত উদ্ধার করেছি। তার কাছ থেকে জেনেছি এখনো ৬ নাবিক নিখোঁজ আছেন।'
এদিকে, এই জাহাজ ডুবির ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও ৮ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, পতেঙ্গা সমুদ্র এলাকায় বালুবাহী জাহাজের ধাক্কায় টিটু-১৪ নামের লাইটার জাহাজ ডুবির ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজ ৮ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।